রাজধানীর গুলশান থেকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
তুরাগে ছাত্রলীগ নেতা আটক: এদিকে, রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঋত্তিক হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করা হয়। ঋত্তিক গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঋত্তিকের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। দুপুরে উত্তরা ইউনিভার্সিটির সামনে তাকে দেখতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের সহযোগিতায় ঋত্তিককে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মির্জা শাকিল মানবজমিনকে বলেন, ‘ঋত্তিক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ১১ই জুলাই কমিটি দেয়া হয়। সে বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। আমরা তাকে আটক করতে পুলিশকে সহযোগিতা করেছি।’
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা ঋত্তিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
