একটি গ্রুপ প্রতিবেশী দেশের হাতে প্রভাব তুলে দেয়ার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বেলা ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে দুর্নীতি ও অসৎ উপায়ে ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিভিন্ন ক্লিনিক গড়ে উঠেছে। নতুন করে সরকারি হাসপাতালের আশপাশে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না। তবে যেগুলো সচল রয়েছে, নিয়ম না মানলে, সিলগালা করে দিয়ে সেসব বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতির অবনতির বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সিদ্ধান্ত নিয়েছে, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না। পাশাপাশি বর্তমানে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে সেগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে বন্ধ করে দেয়া হবে। সে সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এখানে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেয়ার ব্যবস্থা করা হবে। একইসময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, দুই আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপি নেতা মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি, পুলিশ সুপার মিনহাজুল আবেদিন, জেলা পরিষদের চেয়ারম্যান ইবাদত হোসেন মানু। এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
