সূচি নাটকীয়তার দিনে গোলরক্ষকের ভুলে পয়েন্ট খোয়ালো ফর্টিস

সূচি নাটকীয়তার দিনে গোলরক্ষকের ভুলে পয়েন্ট খোয়ালো ফর্টিস

ফন্ট সাইজ:

হুট করে সূচি বদলের পুরনো সংস্কৃতিতে ফিরে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচের আগে দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনে লীগ কমিটি। ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, উদ্বোধনী দিনে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জ ফ্রেন্ডস মুসলিম সোসাইটির মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়েছে। এ নাটকের দুই ঘণ্টা পর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুন্সীগঞ্জে আবাহনী লিমিটেড-চট্টগ্রাম এফসি’র মধ্যকার ম্যাচটি পেছানোর কথা জানানো হয়। ম্যাচ দু’টি আজ অনুষ্ঠিত হবে। এর আগে গ্রুপ ‘এ’ এর ফর্টিস এফসি-ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে ফেডারেশন কাপের পর্দা ওঠে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গোপালগঞ্জে ম্যাচের ১১ মিনিটে লিড নেয় ফর্টিস এফসি। বক্সের ভেতরে পা ওমর বাবু ডানদিকে বল বাড়ান।

সেখান থেকে বল পান মিডফিল্ডার মোহাম্মদ হোসেন। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ২১ বছর বয়সী এ ফুটবলার। ৩৭ মিনিটে ফর্টিসের মামুনুলকে ফাউল করেন ফকিরেরপুলের হৃদয় হাওলাদার। রেফারি হলুদ কার্ড দেখালে তর্কে জড়ান। এরপর তাকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। বিরতির আগে দলটির সামনে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ আসে। স্পটকিক থেকে গোল করতে পারেননি ফকিরেরপুলের বিদেশি ফরোয়ার্ড বেন ওয়াত্তারা। তার শট আটকে দেন গোলাম রাব্বানি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস। বিরতির পর একজন কম নিয়েও লড়াই চালিয়ে যায় ফকিরেরপুল। ৭১ মিনিটে কর্নার কিক নেন অনিক। তার নেয়া শট গোলপোস্টে ঢোকার মুহূর্তে গ্লাভসবন্দি করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ফর্টিসের গোলরক্ষক রাব্বানি। হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফকিরেরপুল।

এরপর ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এ নাটকীয় ম্যাচের আগে নাটকের জন্ম দেয় বাফুফে। ফেডারেশন কাপের চূড়ান্ত সূচিতে পরিবর্তন আনে তারা। ফিফা আসিয়ান কাপের কারণে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতে ৯ ফুটবলারকে পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের ফুটবলারদের না পেয়ে ক্লাবটি লীগে প্রথম রাউন্ডের ম্যাচ পিছিয়ে দিতে আবেদন জানায়। সেই ডাকে সাড়া দেয় লীগ কমিটি। বাংলাদেশ ফুটবল লীগের প্রথম রাউন্ডে মোহামেডানের ম্যাচটি পিছিয়ে দেয়া হয়। এরপর দ্বিতীয় রাউন্ডের খেলাও পিছিয়ে দিতে বাফুফের কাছে আবেদন করে ক্লাবটি। সেটিও পিছিয়ে যায়। ২৫শে সেপ্টেম্বর ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে চাঁদপুর জেলা স্টেডিয়ামে সাদা-কালোদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি হবে ২রা অক্টোবর। ফেডারেশন কাপেও মোহামেডানের সূচিতে বদল আসে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৬ই অক্টোবর দুপুর ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে মোহামেডান। ফেডারেশন তাদের দাবি মেনে নেয়ার পর আবাহনী ও ব্রাদার্স ক্লাব ফেডারেশন কাপে তাদের প্রথম খেলাটি একদিন পেছাতে আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে লীগ কমিটি গতকাল তাদের ম্যাচগুলো পিছিয়ে দেয়। এ নিয়ে আবাহনী ক্লাবের ম্যানেজার শহীদ হোসেন স্বপন বলেন, ‘এক দিন পেছানোয় খুব লাভ হবে না। মোহামেডানের ম্যাচ যেভাবে পেছানো হয়েছে, সেভাবে অন্য
ক্লাবেরগুলো পেছানো হয়নি। প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছে ক্লাবগুলো। আগামীকাল (আজ) খেলবো কিনা সেটা এখনো চূড়ান্ত নয়। ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’ ফেডারেশন কাপে সর্বোচ্চ ১২ বার শিরোপা জিতেছে আবাহনী। তবে সবশেষ ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল ৫ বছর আগে। সেইবার রানার্সআপ হয় রহমতগঞ্জ ফ্রেন্ডস মুসলিম সোসাইটি।