দেশের গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার তিনি লন্ডনে গান শোনাবেন। সেখানে বসছে ঘরোয়া গানের আসর ‘এক কাপ চায়ে গানের সুর’। আগামী ২৭শে সেপ্টেম্বর ফাহমিদার একক গানের এই আসর বসতে চলেছে। অনুষ্ঠানের আয়োজক কিশোয়ার মুনিয়া। ফাহমিদা নবী জানান, এই গানের আয়োজনটা একদমই ভিন্ন রকমের হতে চলেছে।
গল্প ও আড্ডার মতো করে গান করা হবে। এ ধরনের অনুষ্ঠান সব সময়ই আমাকে বেশি টানে। লন্ডনের সব বাংলা ভাষাভাষী দর্শকদের এই গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই দারুণ সময় কাটিয়ে বাড়ি
ফিরবেন। গানের
ফাঁকে গল্প ও আড্ডার ভিন্নধর্মী আবহ তৈরি করাই এই আয়োজনের মূল আকর্ষণ বলে জানিয়েছেন আয়োজক। কিশোর মুনিয়া বলেন, বড় পরিসরের কনসার্টগুলোতে শিল্পী ও
শ্রোতার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ও আনুষ্ঠানিক দূরত্ব থেকে যায়।
সেই দূরত্ব ঘুচিয়ে শ্রোতা ও শিল্পীকে মুখোমুখি বসিয়ে এক সুতোয় গাঁথতেই আমাদের এই উদ্যোগ। গত দুই বছর ধরে এই আয়োজন করে আসছেন মুনিয়া। এবার বসবে তৃতীয় আসর। তিনি আরও জানিয়েছেন, লন্ডনের বেকটন ফুড বাজারের ঠিক বিপরীতে ‘দ্য জুমেরা হল’-এ বসবে এবারের আসর। ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় দর্শকদের জন্য মিলনায়তনের দরজা খুলে দেয়া হবে। আর সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবেশের জন্য আসনভেদে টিকিটের দাম ধরা হয়েছে ১০, ১৫ ও ২৫ পাউন্ড।
