ভালো নেই রিফাত চৌধুরী

ভালো নেই রিফাত চৌধুরী

ফন্ট সাইজ:

ভালো নেই আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বর্তমানে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন এই শিল্পী। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। শুরুতে বেড না পাওয়ায় ১৪ ও ১৫ই সেপ্টেম্বর হাসপাতালের মেঝেতে থাকতে হয় তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হলে সেখানেই চলছে তার চিকিৎসা। দীর্ঘদিন ধরে অসুস্থ রিফাত ভুগছেন দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতায়। তবে তার প্রধান শারীরিক সমস্যাগুলোর একটি পা ও কোমরে। ঠিকমতো হাঁটতে পারেন না তিনি।

অল্প দূরত্ব হাঁটার পরই বিশ্রাম নিতে হয়। রিফাত চৌধুরী বলেন, বেশ কয়েক বছর ধরে আমি অসুস্থ। বলতে গেলে, অচল অবস্থায় আছি। বেশিক্ষণ হাঁটতে পারি না। ১০০ গজ হাঁটার পরই আমাকে বসে বিশ্রাম নিতে হয়। আমার মূল সমস্যা পায়ে এবং কোমরে। পরিবারের কেউ পাশে না থাকায় বিভিন্ন কাজে সহযোগিতা করছেন তার অনুজ বন্ধু ও চিকিৎসক অমিতাভ অরণ্য। রিফাত জানান, তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। তবে কারও কাছে হাত পাততে চান না। কোনো বিত্তবান ব্যক্তি বা শিল্পপতি মানবিকভাবে পাশে দাঁড়ালে চিকিৎসা চালানো সহজ হবে বলে আশা তার। অসুস্থতার মধ্যেও অভিনয়ে ফেরার ইচ্ছা হারাননি এই শিল্পী। আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষায় আছেন তিনি।