অডিও প্রযোজনার প্রচলিত বাজার যখন ক্রমেই সংগীতের জগৎ থেকে মুখ ফিরিয়ে নাটক, ওয়েব কনটেন্ট ও দৃশ্যনির্ভর বিনোদনের বিস্তৃত পরিসরে ধাবিত হচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে বাংলা গানের প্রতি দায়বদ্ধতা ও গভীর অনুরাগ থেকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পীকে নিয়ে শুরু করেছে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ। সেই ধারাবাহিকতায় প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ’র একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। ৯টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।
সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভ’র সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। কাজী শুভ বলেন, দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিও’র এই খারাপ সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
অ্যালবামের ৯টি গানই ৯ রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ডিএমএস। বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেয়ার প্রত্যয়ে এই উদ্যোগ নতুন করে শ্রোতাদের মধ্যে বাংলা গান নিয়ে আগ্রহ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।
