সুইডেনে অনুষ্ঠিত হলো অল ইউরোপিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সুইডেনে অনুষ্ঠিত হলো অল ইউরোপিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ফন্ট সাইজ:

ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে সুইডেনে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস কাউন্সিল ইউরোপ’-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।

সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেন। প্রতিযোগিতাটি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত ছিল, যেখানে অংশগ্রহণকারী খেলোয়াড়রা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা ও অসামান্য ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেন শাহদাত হোসেন কাইজার।

প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ও শীর্ষস্থানীয় ‘এ-লেভেল’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফিনল্যান্ড দল। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি, আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রতিনিধি ছাড়াও বিভিন্ন বাংলাদেশি কমিউনিটি সংগঠন, ক্লাব ও স্থানীয় প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও দূতাবাসের প্রতিনিধির উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।

আয়োজকদের মতে, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের এক ছাদের নিচে নিয়ে আসা। প্রতিযোগিতার পাশাপাশি এটি বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।