দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। এ সময় প্রেসিডেন্ট বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এসময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।
