কেরানীগঞ্জে অটোরিকশা থামিয়ে গুলি, ২৫ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

কেরানীগঞ্জে অটোরিকশা থামিয়ে গুলি, ২৫ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুফাতো ভাইকে গুলি করে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তারা দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকার (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। উভয়ের পায়ে গুলি লেগেছে।
অন্তর সরকার বলেন, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারি দোকান আছে। সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা নিতাই সরকার (৫২) ও ফুফাতো ভাই রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা দেন। হযরতপুর এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে করে ৫ জন তাদের অটোরিকশার গতি রোধ করে। এ সময় এলোপাতাড়ি গুলি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৫ থেকে ৩০ ভরি সোনা এবং ৩০ থেকে ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। তারা গুলি ছুড়লে তিনি ও রাজিব গুলিবিদ্ধ হন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, ‘ঘটনার পরপরই তিনি এবং এডিশনাল এসপি জামিল উল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারে অভিযান চলছে।’