বিএমইউতে ৬টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, আরও ৪টি প্রস্তুত

বিএমইউতে ৬টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, আরও ৪টি প্রস্তুত

ফন্ট সাইজ:

সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আরও ৪টি লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য রোগী নির্বাচন ও প্রস্তুতি চলছে। এখন থেকে মাসে ২টি করে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরিকল্পনা নেয়া হয়েছে।

বুধবার সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএমইউ-এর ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি আরও জানান, ২০২৫ সালের ১ ও ২ সেপ্টেম্বর এবং চলতি বছরের ৩ ও ৪ জুলাই এবং ১১ ও ১২ সেপ্টেম্বর এই ৬টি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। সরকারি বরাদ্দের আওতায় রোগীদের এসব ট্রান্সপ্ল্যান্ট বিনামূল্যে করা হয়েছে।

বিএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হেপাটোলজি এবং অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগসহ মোট ১৯টি বিশেষায়িত বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এসব সার্জারি সম্পন্ন হয়।

এই সকল ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করতে হায়দ্রাবাদস্থ Asian Institute of Gastroenterology (AIG) Hospitals-এর বিশেষজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিম বিএমইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি সহযোগিতা প্রদান করেছেন। এ সকল ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করার আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং আইনগত ও নৈতিক বিষয় যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

বর্তমানে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে রোগীদের পরবর্তী চিকিৎসা ও ফলোআপ চলছে। বিএমইউ কর্তৃপক্ষ মনে করে যে, ধারাবাহিক এই কার্যক্রম দেশে উন্নত লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।