গাজা ইস্যুতে ইসরায়েলি জাতীয় দলের বিপক্ষে আসন্ন উয়েফা ন্যাশনস লীগের ম্যাচ দুটি বয়কট করার জন্য আয়ারল্যান্ড ফুটবল দলের প্রতি জোর দাবি জানিয়েছেন দেশের ১৬০ জনেরও বেশি পেশাদার অ্যাথলেট। আয়ারল্যান্ড স্পোর্ট ফর ফিলিস্তিন গ্রুপের উদ্যোগে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে এই সংহতি জানানো হয়।
সূচি অনুযায়ী, আগামী ২৭শে সেপ্টেম্বর হাঙ্গেরিতে এবং ৪ঠা অক্টোবর সার্বিয়ায় নিরপেক্ষ ভেন্যুতে খালি স্টেডিয়ামে ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা আয়ারল্যান্ডের। বেসামরিক ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে খেলোয়াড় ও সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে উয়েফা ম্যাচ দুটি দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অলিম্পিয়ান সিয়ারা মেগিয়ান, সাবেক ফুটবলার লুইস কুইন এবং সাবেক রাগবি তারকা টনি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছেন।
চিঠিতে আইরিশ স্পোর্টস তারকাদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার এক অপূর্ব সুযোগ রয়েছে আপনাদের সামনে। এই ম্যাচ না খেলাই হবে সবচেয়ে বড় ক্রীড়াসুলভ আচরণ। আপনাদের সাহস ও নেতৃত্ব বিশ্বকে আবার ক্রীড়াজগতের ঐক্যবদ্ধ শক্তি এবং আমাদের মৌলিক মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেবে।’
ফিলিস্তিনের পক্ষে ইউরোপে অন্যতম সরব কণ্ঠ আয়ারল্যান্ড। গত বছরই আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএআই) সদস্যরা ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য উয়েফাকে অনুরোধ জানিয়ে প্রস্তাব পাশ করে। তবে শাস্তির শঙ্কায় ম্যাচ খেলার পক্ষে অবস্থান নেয় সংস্থাটি। আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন বলেন, ‘আমাদের কারোরই এই ম্যাচগুলো খেলতে ভালো লাগছে না।’
তবে বয়কটের এই জোরালো বার্তার পর এখন উয়েফা ও আইরিশ বোর্ডের ওপর চাপ বহুগুণ বেড়ে গেল।
