বোয়ালমারীতে পিটিয়ে সেনা সদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ওই সেনা সদস্যের একটি পা ভেঙে গেছে। বর্তমানে তিনি ও তার স্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুর রহমানের (৪৮) সঙ্গে তার ছোট ভাই মো. মিজানুর শেখ ও আমিনুর শেখসহ পরিবারের অন্য সদস্যদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে মিজানুর শেখ (৪০), ইয়াসিন শেখ (২২), আমিনুর শেখ (৩৮) ও ওমর শেখ (১৮)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক একটি বড় নিম গাছ কাটতে শুরু করেন। আব্দুর রহমান এতে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরিবারসহ খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় ওইদিনই বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে বোয়ালমারী থানার এসআই মো. ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান করে দেন। তবে পরদিন ২০শে সেপ্টেম্বর সকালে বিবাদীরা কাটা নিমগাছটি সরিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ সেটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

থানা থেকে গাছ জব্দ করার জেরে ক্ষিপ্ত হয়ে গত রোববার বিকালে বিবাদীরা পুনরায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। স্বামীর চিৎকার শুনে স্ত্রী সেলিনা বেগম এগিয়ে এলে তাকেও নির্মমভাবে মারধর করা হয়। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আব্দুর রহমানের একটি পা ভেঙে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।