জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো— জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৭) ও একই এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৭)।
মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালের ২৭শে সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় ডা. পারভীনের পাঁচতলা বাড়ির একটি ভাড়া বাসায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজুকে হত্যা করা হয়। পরে তার হাতবাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজেদা ওই বাসায় ছোট মেয়ে আরিফাকে নিয়ে ভাড়া থাকতেন। তার স্বামী হাফিজুল ইসলাম জেলার বাইরে চাকরি করতেন। সাজেদার মেয়ে যে স্কুলে পড়াশোনা করতো, ওই স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন আবু সাঈদ। স্কুলে যাওয়া-আসার সুবাদে সাজেদার সঙ্গে সাঈদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সেই সঙ্গে দীর্ঘদিনের ওই সম্পর্কের জের ধরে আবু সাঈদ ও রাব্বী হোসেন সাজেদাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাকে মুখে কচটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ঘটনার দুই দিন পর ২৯শে সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ আবু সাঈদ ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিয়াউর রহমান ২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার দুপুরে এ রায় দেয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী সরকারি কৌঁসুলি নূর-ই-আলম সিদ্দিক। আসামি পক্ষের আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ ও মামুনুর রশীদ।
