কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু এবং কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. মাহফুজ। তরিকুল ইসলাম টিটু মুমুরদিয়া ইউনিয়নের বেথইর গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত সাইফুল ইসলামের ছেলে। মাহফুজ কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার বিকালে কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মাহফুজের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় দু’টি মামলা রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচার চালানো এবং তার নেতৃত্বে কটিয়াদীতে ছাত্রলীগের মিছিল করার অভিযোগ রয়েছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তরিকুল ইসলাম টিটুকে সোমবার বিকালে কিশোরগঞ্জ শহর থেকে এবং মাহফুজকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। মাহফুজকে সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
