প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি, স্লোগান-পাল্টা স্লোগান এবং দুই পক্ষের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিউইয়র্ক পুলিশ।
স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি সড়কের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থকদের বিরুদ্ধে। এর কয়েক ঘণ্টা পরই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে জড়ো হতে থাকেন দুই দলের নেতাকর্মীরা।
সময়ের সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় পাল্টাপাল্টি বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে পুলিশ হস্তক্ষেপ করে। দুই পক্ষকে সরিয়ে দেয়ার পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বিবেচনায় পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর
নিউইয়র্কে মুখোমুখি বিএনপি -আওয়ামী লীগ, পুলিশ মোতায়েন
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
২১ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬, ৬ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
