যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে দেশটির তিন সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাও। হোয়াইট হাউসে তাদের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার পর এই আইনি পদক্ষেপের কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
এর আগে গত শুক্রবার ডনাল্ড ট্রাম্প এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ওই তিন সংবাদমাধ্যম তার সরকার সম্পর্কে ‘কাল্পনিক’ বা ‘মিথ্যা’ খবর প্রকাশ করছে।
এনিয়ে গত শনিবার হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করার সময় এসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয় এবং সাংবাদিকদের পরিচয়পত্রও জব্দ করা হয়।
সোমবার এক যৌথ বিবৃতিতে সিএনএন, পলিটিকো ও এমএস নাও জানায়, তারা আইনি পদক্ষেপ নিচ্ছে তাদের ‘প্রথম সংশোধনী অধিকার’ রক্ষা করতে এবং এই নীতি প্রতিষ্ঠার জন্য যে, সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা কীভাবে খবর পরিবেশন করবে- তা সরকার নির্ধারণ করতে পারে না।
যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী দেশটির সরকারকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ‘খর্ব’ করতে নিষেধ করে। আদালতগুলো ঐতিহ্যগতভাবে এই বিধানকে এমনভাবে ব্যাখ্যা করেছে যে, কোনো সংবাদমাধ্যমের খবরের বিষয়বস্তু বা সরকারের সমালোচনার ভিত্তিতে তার সঙ্গে বৈষম্য করা যাবে না।
যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো আরও বলেছে, কোনো নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই হোয়াইট হাউস আমাদের সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করেছে, কারণ তারা আমাদের সংবাদ পরিবেশনে আপত্তি জানিয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এটিকে চ্যালেঞ্জ না করা হলে তা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারি হস্তক্ষেপমুক্ত স্বাধীন সাংবাদিকতার অধিকারকে হুমকির মুখে ফেলবে।
