পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আরও দুই বোন নুরিন নিয়াজি এবং উজমা খানকে সোমবার (২১ সেপ্টেম্বর) আটক করেছে দেশটির পুলিশ।
দেশটির একজন কর্মকর্তা বলেন, ১৯৬০ সালের জনশৃঙ্খলা রক্ষা আইন (এমপিও)-এর ৩ ধারায় তাদের আটক করা হয়েছে। এর একদিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকে আটক করে দেশটির পুলিশ। খবর জিও নিউজের।
দেশটির ডিসি অফিস সূত্রে জানা গেছে, পুলিশের সুপারিশের পরিপ্রেক্ষিতে লাহোরের ডেপুটি কমিশনার ৩-এমপিও-এর অধীনে তাদের বিরুদ্ধে আটকাদেশ জারি করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বোনদের ৩০ দিনের জন্য আটক হয়েছেন।
ইতিমধ্যে নুরিন নিয়াজি এবং উজমা খানকে কোট লাখপত জেলে পাঠানো হয়েছে। সেখানে রোববার থেকে আলিমা খানকে রাখা হয়েছে।
কারাবন্দী ইমরানের মুক্তি ও দেশটির সংবিধানের শ্রেষ্ঠত্বের দাবিতে আগামী ২৭শে সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত লং মার্চসহ পিটিআই’র দেশব্যাপী কর্মসূচির আগেই তাদের আটকে জেলে রাখা হলো।
এর আগে সূত্রের বরাতে বলা হয়, আলিমার দুই ছেলে শাহরেজ খান ও শের শাহকেও লাহোরে আটক করা হয়েছিল। পরে আইনজীবী রানা মুদাসসির নিশ্চিত করেন যে, সংক্ষিপ্ত আটকাদেশের পর আলিমার ছেলেদের মুক্তি দেয়া হয়েছে।
