আফগানিস্তানে পাক বাহিনীর রাতভর অতর্কিত হামলা, ‘নিহত ২৮’

আফগানিস্তানে পাক বাহিনীর রাতভর অতর্কিত হামলা, ‘নিহত ২৮’

ফন্ট সাইজ:

আফগানিস্তানে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতভর বিমান হামলা চালানোর দাবি করেছে পাক বাহিনী। এতে অন্তত ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন। বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, পাক বাহিনীর হামলায় তিন জন নিহত হয়েছে।

পাকিস্তানের দুইজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সোমবারের বিমান হামলায় ২৮ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

তবে আফগান সরকারের দাবি, হামলায় তিনজন বেসামরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

আফগানিস্তানে চালানো হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি পাকিস্তান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলার জবাব দেয়া হবে।
তিনি এক্সে লিখেছেন, আমরা এই আগ্রাসন ও নিপীড়নের তীব্র নিন্দা জানাই এবং এটিকে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হিসেবে গণ্য করছি। পাকিস্তানি সামরিক মহল তাদের দেশের নিরাপত্তা ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর জন্য আবারও এমন অপরাধ করলো।
আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, পাকতিকা প্রদেশের বারমাল জেলা এবং কুনার প্রদেশের নুরগাল জেলায় দিবাগত রাত ৩টায় এসব হামলা চালানো হয়েছে।

প্রাথমিক তথ্যের বরাতে ফিতরাত বলেন, পাক বাহিনীর হামলায় নুরগালের পাঠান গ্রামে নুর আহমদ নামে এক ব্যক্তির বাড়ি ধ্বংস হয়েছে। এতে নুর আহমদ এবং তার পরিবারের আরও দুইজন নিহত হয়েছেন।

এ ছাড়া একই পরিবারের আরও চার আত্মীয় আহত হয়েছেন বলে জানান তিনি।
ফিতরাত বলেন, পাক বাহিনীর বিমান হামলায় বারমালের তর কুন্দি এবং রাখাতে একটি বাড়ি ও দোকানও ধ্বংস হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে পাক বাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুই দফায় প্রাণঘাতী হামলার পরেই আফগানিস্তানে বিমান হামলা চালালো ইসলামাবাদ।