গোলশূন্য ড্র দিয়ে মিশন শেষ বাংলাদেশের

এশিয়ান গেমস নারী ফুটবল

গোলশূন্য ড্র দিয়ে মিশন শেষ বাংলাদেশের

ফন্ট সাইজ:

গোলশূন্য ড্রয়ের মাধ্যমে আইচি-নাগোয়া এশিয়ান গেমস শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে লড়াই করেও এই ফল নিয়ে সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচে ৪৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে মিয়ানমারকে ভালোই চাপে রাখে ঋতুপর্ণারা। তবে ফরোয়ার্ডদের ধারহীন পারফরম্যান্সের কারণে মিয়ানমারের গোলমুখে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে, মিয়ানমারের আটটি শটের মধ্যে দুটি লক্ষ্যে থাকলেও গোলকিপার রুপনা চাকমার দৃঢ়তায় জাল অক্ষত থাকে।

এর আগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যথাক্রমে ১০-০ ও ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। ২০২৩ সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়ে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ নারী দল।