সুফিয়ান মুকিমের ঘূর্ণি আর আমির জাঙ্গু ও হাসান নওয়াজের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ট্রফি উঁচিয়ে ধরলো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ব্রিজটাউনে টুর্নামেন্টের জমজমাট ফাইনালে নবাগত জামাইকা কিংসম্যানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের তৃতীয় মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পেলো তারা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৮ বলে ৯টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ১১৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জামাইকার ওপেনার মাজ সাদাকাত। তবে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৭০ রানেই থমকে যায় কিংসম্যানরা।
সাদাকাতের ১১৪ ও সাইম আইয়ুবের ২৯ রান ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এমনকি শীর্ষ ছয় ব্যাটারদের তিনজনই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ১১০ রানে ২ উইকেট থেকে সুফিয়ান মুকিমের তোপে মাত্র ১১৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে জামাইকা। স্পিনার মুকিম ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন। তাকে সঙ্গ দিয়ে চোট কাটিয়ে ফেরা আলজারি জোসেফ ২৭ রানে ২ উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ওভারেই রাকিম কর্নওয়াল ২০ রান তুলে দিয়ে ঝড়ো সূচনা করেন। দ্বিতীয় উইকেটে এভিন লুইস (৩৮) ও আমির জাঙ্গু ৬৪ রান যোগ করে জয় সহজ করে দেন। এরপর লুইস আউট হলেও বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন জাঙ্গু ও পাকিস্তান তারকা হাসান নওয়াজ। দুজনের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে ২০ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় অ্যান্টিগা। জাঙ্গু ৫৭ ও নওয়াজ ৪টি ছক্কার সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন।
টুর্নামেন্টজুড়ে অলরাউন্ড পারফরম্যান্সে ১৩২ রান ও ১১ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্যালকনসের শাদাব খান।
