গোটা ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের’ ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

গোটা ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের’ ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গোটা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র চায় আইসিসি যেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেয়। এর আগে আদালতটির বেশ কয়েকজন বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

তবে পুরো সংস্থা এবং এর সঙ্গে সহযোগিতা করা পক্ষগুলোর ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালতটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আইসিসির রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে তথ্যপ্রযুক্তি সেবা ও বীমা কেনা, তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং কয়েক ডজন মার্কিন কর্মচারীর বেতন প্রদানসহ দৈনন্দিন আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই পদক্ষেপের তথ্য প্রকাশ করে। দুটি নথি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ছয় থেকে সাত মাসের একটি নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর আইসিসির সঙ্গে প্রায় সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।