সিরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ধারাবাহিক ওই বিস্ফোরণে কমপক্ষে চারজন আহত হয়েছেন। আলেপ্পোর কাছে এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলের শহর আল ইয়াসে সেনাবাহিনীর অস্ত্রের একটি গুদামে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। বেসামরিক প্রতিরক্ষা অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি বলেন, ওই স্থাপনা থেকে আহত চারজনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
আলেপ্পো থেকে আল জাজিরার সাংবাদিক ওবাইদা হিট্টো বলেন, একটি নয়, প্রথম বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে বিস্ফোরণ হতে থাকে। স্থাপনার কয়েক কিলোমিটার দূর থেকেও এর বিকট শব্দ শোনা গেছে। তিনি বলেন, আমরা সেখানে কিছু অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। অগ্নিনির্বাপণের যানবাহন ও কর্মীরা স্থাপনার দিকে ছুটছেন। কিছু সময়ের জন্য বাড়ি থেকে বের না হওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেপ্পোর গভর্নর আজম আল গারিব। একই সঙ্গে তিনি হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি টিমকে পূর্ণাঙ্গ সতর্ক অবস্থায় রেখেছেন।
এতে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে কোনো রাসায়নিক ক্ষতিকর পদার্থ বাতাসে মিশে থাকতে পারে। ওই স্থাপনাগামী সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে নাগরিকদের নিরাপত্তার জন্য। উল্লেখ্য, এর আগে সিরিয়ায় বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। দেশটি এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত। শুক্রবার দিয়ের আজ জোহর প্রদেশে সামরিক স্থাপনায় এক অজ্ঞাত বিস্ফোরণ হয়। তাতে নিহত হন কমপক্ষে ১১ জন। এ মাসের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রাগারে বিস্ফোরণ হয়। তাতে কমপক্ষে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনা ঘটে ইদলিব প্রদেশে।
