বুথফেরত জরিপ বলছে জার্মানিতে আরও দুটি রাজ্যের নির্বাচনে মারাত্মক পরাজয়ের মুখে রয়েছে মধ্য-ডানপন্থি ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দল। ফল যদি এমনই হয় তাহলে চ্যান্সেলর ফ্রেডেরিক মের্ৎসের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে। তার ওপর আগাম নির্বাচনের চাপ আসতে পারে। এমনকি তাকে পদত্যাগ করার কথাও বলা হতে পারে। নির্বাচনের এই অবস্থাকে জার্মান চ্যান্সেলর তার দলের জন্য বিপর্যয় বলে অভিহিত করেছেন। তবে তিনি ক্ষমতায় টিকে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেকলেনবার্গ-ভোরপোমের্ন রাজ্যে ক্ষমতাসীন সিডিইউ নির্বাচনে এ যাবতকালের মধ্যে সবচেয়ে খারাপ ফল করলেও তারা প্রাথমিকভাবে দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে বলে মনে করা হচ্ছিল।
কিন্তু কয়েক ঘন্টা পরেই পার্লামেন্টে তাদের টিকে থাকার যে শতকরা কমপক্ষে ৫ ভাগ সমর্থন প্রয়োজন, তা থেকেও সমর্থন কমে যায়। ফলে চ্যান্সেলর মের্ৎস একে তার দলের জন্য একটি বিপর্যয় বলে অভিহিত করেন। ওদিকে প্রক্ষেপণ বলছে ওই রাজ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয় পাবে উগ্র ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দল। এ দলটি যদি জয় পায় তাহলে জার্মানিতে অভিবাসীরা বিপদে পড়তে পারেন। কারণ, তারা অভিবাসন বিরোধী। প্রায় দু’সপ্তাহ আগে এ দলটি স্যাক্সোনি-আনহাল্ট রাজ্যে বড় জয় পায়।
এরপর তারা মেকলেনবার্গ-ভোরপোমের্ন রাজ্যে জয়ের পথে রয়েছে। যদি এই দলটি ক্ষমতাসীন সিডিইউয়ের সঙ্গে সরকারের সঙ্গে যোগ দিয়ে কাজ করতে অস্বীকৃতি জানায়, তাহলেই মহাবিপদে পড়ে যেতে পারে সিডিইউ নেতৃত্বাধীন মের্ৎসের সরকার। অন্য দলগুলোও সিডিইউয়ের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে রোববারই মেকলেনবার্গ-ভোরপোমের্ন রাজ্যের সঙ্গে ভোট হয় রাজধানী বার্লিনে। সেখানে বামপন্থি ডাই লিঙ্কে দলকে সিডিইউ পরাজিত করবে বলে আশা করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত কোন ফল পাওয়া যায়নি।
