সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের মাঝপথে বর্জন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে বৈঠক বর্জন করে দলটি। রোববার বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ওই মতবিনিময় সভা শুরু হয়। সভায় জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সরকারবিরোধী ১১ দলীয় জোট এই বৈঠকে অংশ নেয়নি। বৈঠকে যোগ দিয়ে মাঝপথে বের হয়ে আসেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দুই প্রতিনিধি।
এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, এই মতবিনিময়ে আমন্ত্রণ জানানোর জন্য তাঁরা সংবিধান সংস্কারসম্পর্কিত বিশেষ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে বের হয়ে এসেছেন। পাশাপাশি তাঁরা বৈঠকে একটি দাবিও তুলে ধরেছেন বলে জানান। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করার কথা বলা হয়েছিল, সেই সময়সীমা এখনো আছে। সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে যেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়।
এদিকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
