ইহুদি ধর্মীয় প্রায়শ্চিত্ত দিবস বা ইয়োম কিপুর শুরুর প্রাক্কালে উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে ইসরাইল। জোরপূর্বক পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ৫৭০ জন ইসরাইলি। আগ্রাসী সেনাবাহিনীর কড়া পাহারায় তারা মসজিদে প্রবেশ করে। এর ঠিক এক দিন আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, একাধিক মন্ত্রী এবং হাজার হাজার ইসরাইলি পূর্ব জেরুজালেমের পশ্চিম প্রাচীর বা আল-বুরাক প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে পবিত্র আল-আকসা মসজিদের নিচের সুড়ঙ্গ ও খনন এলাকায় সফর করেন নেতানিয়াহু।
আল-আকসা প্রাঙ্গণে অবৈধ অনুপ্রবেশ ও নেতানিয়াহুর এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আল-আকসা মসজিদ ও আল-বুরাক দেয়ালের নিচের সুড়ঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই অনুপ্রবেশ এবং তার উসকানিমূলক বক্তব্য পবিত্র এই স্থানের ঐতিহাসিক পরিচয় ও মর্যাদার ওপর প্রকাশ্য আঘাত।
হামাস জোর দিয়ে বলে, আল-আকসা মসজিদের চত্বর, নামাজের স্থান, দেয়াল ও ফটকসহ এর সমগ্র এলাকাটি একান্তই মুসলমানদের ইবাদতখানা। ইসরাইলি দখলদার বাহিনীর কোনো ধরনের খননকাজ, অবৈধ অনুপ্রবেশ বা ধর্মীয় আচার পালনের অপচেষ্টা কখনই এই পবিত্র ভূমির নিজস্ব পরিচয় মুছে ফেলতে বা তাদের তৈরি ধর্মীয় বয়ান চাপিয়ে দিতে সক্ষম হবে না।
