ইউরোপে মাদকে সর্বোচ্চ মৃত্যুহারের দেশ স্কটল্যান্ড। দেশটিতে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বিভিন্ন গোপন গবেষণাগারে তৈরি নতুন কৃত্রিম মাদক। নিটাজেনের মতো সিন্থেটিক ওপিঅয়েড হেরোইনের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী হওয়ায় দেশটিতে প্রাণঘাতী মাত্রাতিরিক্ত গ্রহণের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। বুধবার প্রকাশিতব্য পরিসংখ্যানে মৃত্যু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ হওয়ার পর অপরাধী চক্রগুলো এখন সরাসরি ভোক্তা বাজারের কাছেই এসব উপাদান তৈরি করছে। মুনাফা বাড়াতে সাধারণ সব মাদকের সঙ্গে এই মারাত্মক রাসায়নিক মেশানো হচ্ছে। সরকারি হিসেবে ২০২৪ সালে নিটাজেনের কারণে সেখানে ৭৬ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের চেয়ে তিন গুণ বেশি। স্কটিশ পুলিশ চলতি বছরেই প্রায় ৭ কোটি ৮০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩১০ কোটি টাকা) মূল্যের মাদক জব্দ করেছে। তবে এক ডোজেই তাৎক্ষণিক মৃত্যুর ক্ষমতা থাকায় এই নতুন মাদক সংকট স্বাস্থ্যকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
