কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুমেরু অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যে চুক্তি হতে যাচ্ছে, তাতে দেশটির সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ন হবে না বলে আশ্বস্ত করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। গ্রিনল্যান্ডের নিরাপত্তার ওপর ওয়াশিংটনকে স্থায়ী নিয়ন্ত্রণ দেয়ার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণার পর শনিবার এই বার্তা দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন জানান, এই চুক্তি তাদের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে পুরোপুরি স্বীকৃতি দেয়। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ অধিবেশন চলাকালে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। এর আওতায় যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বাড়াতে পারলেও তাদের কোনো শত্রুভাবাপন্ন দেশ ঘাঁটি বানাতে পারবে না। তবে ট্রাম্প সেখানে স্থায়ী কর্তৃত্ব পাওয়ার দাবি করলেও খনিজ সম্পদ ও পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে যাচ্ছে কি না, তা স্পষ্ট নয়। ন্যাটো এই চুক্তিকে স্বাগত জানালেও বিশ্লেষকরা একে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন প্রভাব বিস্তারের সূচনা হিসেবে দেখছেন।
