কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা সম্পন্ন, সবার কাছে দোয়া চাইলেন অপ্রতিমের পিতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা সম্পন্ন, সবার কাছে দোয়া চাইলেন অপ্রতিমের পিতা

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে তার জানাজা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

জানাজার আগে অপ্রতিমের বাবা শাহরিয়ার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। ও যদি কোনো ভুল করে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন।’

জানাজা শেষে অংশগ্রহণকারীরা অপ্রতিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি তার নিজ বাসায় নেয়া হয়।