বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. রেজোয়ান খন্দকার পেয়েছেন ২০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিংকু পেয়েছেন ১৯৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. হাফিজুল ইসলাম ৮৯ ভোট, মো. শাহীন আলম ১৫৫ ভোট, মো. আবু ছায়েদ ৯০ ভোট, মো. কামাল হোসেন ১৩৩ ভোট, আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট এবং মো. আসাদ-উদ-দৌলা (মাসুম) ৯২ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নাজিম উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ ফরিদ হোসেনসহ অন্যরা।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মহান বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি বিচার বিভাগের সঙ্গে জড়িত প্রতিটি পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মচারীর বিজয়।
তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত মানোন্নয়ন, পদোন্নতির জটিলতা দূরীকরণ এবং ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি সহকর্মীদের পাশে থেকে কাজ করবেন।
