২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তা জানতে পারবেন। শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হবে।
চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, রোববার মনোনীত কলেজে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। এ ভর্তি কার্যক্রম চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে গত ১৬ই সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন। বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেননি। আর ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি। অর্থাৎ, এসব কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।
গত ২রা সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ই সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।
