কোরোগিতে শাপমোচনের সুযোগ জ্যোতিদের

কোরোগিতে শাপমোচনের সুযোগ জ্যোতিদের

ফন্ট সাইজ:

মাত্র দশদিন আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৪০ রানে হেরে সেখানেই পথচলা থামে নিগার সুলতানা জ্যোতিদের। আজ আবার মুখোমুখি দু’দল, নাগোয়ার নিশিন সিটির কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে এই সেমিফাইনাল।

গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ছিল সকাল ১০টায়। সে অনুযায়ী প্ল্যান সাজিয়েছিলেন হেড কোচ সারোয়ার ইমরান। সন্ধ্যায় আবার জানতে পারেন অনুশীলন নয়, চীনের অনুরোধে তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে মেয়েদের। সে অনুযায়ী সকাল সাড়ে ৭টায় টিম হোটেল থেকে কোরোগি স্পোর্টস পার্কে হাজির হয় বাংলাদেশ দল। তবে খেলতে আসেনি চীন। বাধ্য হয়ে আগে ভাগেই ভারত ম্যাচের প্রস্তুতি সেরে হোটেলে ফেরে জ্যোতি-মারুফারা।

আবাসনের বড় চ্যালেঞ্জ উতরে গতকাল নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০তম এশিয়ান গেমসের। আইচি নাগোয়ার এই আসরে ৪৩ খেলায় ৭১টি ডিসিপ্লিনে ৪৬৯টি সোনার পদকের লড়াইয়ে অংশ নিচ্ছেন প্রায় ১৭ হাজার অ্যাথলেট। এবার খেলার তালিকাতেও এসেছে পরিবর্তনের ছাপ। মিক্সড মার্শাল আর্টস, প্যাডেল, সার্ফিং, ভার্চুয়াল তায়কোয়ান্দো ও টেকবল এবার নতুন করে জায়গা পেয়েছে। একই সঙ্গে ই-স্পোর্টস ও ব্রেকিংও রয়েছে। বাংলাদেশ অংশ নিবে ২২ খেলায়। বেশিরভাগ খেলাতেই তাদের প্রতিনিধিত্ব শুধুই আনুষ্ঠানিকতার। পদক জয়ের ক্ষুধা নেই কারও মাঝে। আগে কাবাডি থেকে পদক আসলেও।

তিন চার আসর ধর তারও দেখা নেই। তবে এসবের ব্যতিক্রম শুধু ক্রিকেট। ২০১০ সালে গুয়াজুং এশিয়ান গেমস থেকে এই ইভেন্টে নিয়মিত পদক পেয়ে এসেছে বাংলাদেশ। ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত জিতেছে ছয়টি পদক। প্রথমবারই পুরুষ ক্রিকেটাররা হেসেছিলেন সোনার হাসি। এশিয়ান গেমসের ৭৫ বছরের ইতিহাসে একবারই বেজেছিল জাতীয় সংগীত। বাংলাদেশের জন্য সেটাই প্রথম, সেটাই শেষ। এরপর ক্রিকেট থেকে নিয়মিত পদক এলেও তার রংটা কখনো রুপালি কখনো তামাটে। এবারও সব আশার তারা হয়ে জ্বলছে ক্রিকেট। নারী-পুরুষ দুই বিভাগেই আছে পদকের প্রত্যাশা। যে প্রত্যাশা মেটাতে আজ ভারতের বিপক্ষে নামবে মেয়েরা। তবে মেয়েদের সাম্প্রতিক পারফরমেন্স আশাব্যঞ্চক নয়। এশিয়া কাপে সেভাবে নিজেদের
মেলে ধরতে পারেননি জ্যোতি-সুপ্তারা। বিশেষ করে ব্যাটিং ছিল যাচ্ছে নাই। নাগোয়া এসেও মাঠে নামতে পারেনি তারা। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তবে আউটফিল্ড ভেজা থাকার কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে হয়নি বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিফাইনালে চলে যায় লাল-সবুজের প্রতনিধিরা। তবে ভারত খেলেই সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে তারা আট উইকেটে হারিয়েছে জাপানকে। গত আসরের সোনাজয়ী দলটি এবার আরো শক্তিশালী হয়ে এশিয়াডে এসেছে। সদ্য জিতেছে এশিয়া কাপের শিরোপা। তবুও বাংলাদেশ আশা ছাড়ছে না। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, এটা ভিন্ন টুর্নামেন্ট, ভিন্ন পরিবেশ। উইকেটেও ভিন্ন। আমরা এখানে খেলতে না পারলেও তিন চারদিন অনুশীলন করেছি। আশা করছি সবাই তার সেরাটা দিতে পারলে ফাইনালে উঠা সম্ভব’। তবে ফাইনালে উঠতে না পারলেও পদকের আশা শেষ হয়ে যাবে না মেয়েদের। তবে পদকের রং পরিবর্তন হয়ে যাবে তামাটে। তখন পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার হারা দলটির সঙ্গে খেলতে হবে মেয়েদের। গত এশিয়াডে ভারতের কাছে সেমিফাইনাল হারলেও পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশের আর যে ইভেন্ট রয়েছে আজ
এশিয়াডে বাংলাদেশ নারী হকি দলও মাঠে নামছে আজ। গিফুর গিফু প্রিফেকচারাল গ্রিন হকি স্টেডিয়ামে চীনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মেয়েরা। ব্যাডমিন্টনে আল আমিন জুমার, আয়ান ইবনে জামান, মোজাম্মেল হোসেন ওদুল, গৌরব সিং প্রথম রাউন্ডে কোটে নামবে। সাইক্লিংয়ে ট্রাকে নামবেন শাহাদাত হোসেন। কারাতের ৫০ কেজি কুমি ইভেন্টে লড়বেন সিয়াম হোসেন। টোকিওর অ্যাকোয়াটিক সেন্টারের ৫০ মিটার ব্রেস্টস্টোকে পুলে নামবেন মুক্তি খাতুন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইয়েলে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে অংশ নিবেন সাজিদা হক, সাফা বিন শহীদ, মেহেনাজ শারমীন মিম। টেবিল টেনিস এককে খেলবেন মোহসাতিন আহমেদ হৃদয়।