আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে নাহিদ-তাসকিন, ফিরলেন হৃদয়-জাকের

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে নাহিদ-তাসকিন, ফিরলেন হৃদয়-জাকের

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসে খেলতে জাপানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই টুর্নামেন্ট শেষে টাইগারদের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেছেন ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয় ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দলে রাখা হয়নি গতিতারকা নাহিদ রানা ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ৯ই অক্টোবর। ম্যাচটি আফগানিস্তানের হোম টেস্ট হলেও অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ না হওয়ায় নাহিদ রানাকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজম্যান্ট। চোট থেকে পুরোপুরি ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। অস্ট্রেলিয়ার সফরে খেলা তাসকিন আহমেদকেও দেয়া হয়েছে বিশ্রাম। আফগানিস্তান সিরিজের পর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর নভেম্বরে বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকাতে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। আর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আতিথিয়তা দিবে ইংল্যান্ডকে। এই তিন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ ৬টি টেস্ট খেলবে এবং সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই টিম ম্যানেজম্যান্ট পেস ইউনিটের ব্যাপারে কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না। আফগানিস্তান সিরিজে পেস ইউনিটে থাকবেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় আবারো টেস্ট দলে ফিরেছেন। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথমবারের মতো ডাক পান ডানহাতি এ ব্যাটার। চলতি বছর হারারে টেস্টে হৃদয়ের অভিষেক হয়। দুই ইনিংসে করেন ১২ রান। এরপর অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে ৯৮ রান করা জাকের আলী অনিকও ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন। এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২২৪ রানে হারে টাইগাররা। এরপর ২০২৩ সালে তাদের ৫৪৬ রানে হারায় বাংলাদেশ। টেস্ট সিরিজের পর আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজের সূচি এখনো ঘোষণা করেনি এসিবি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।