সোশ্যাল মিডিয়া নিয়ে চিন্তায় ডুলি

সোশ্যাল মিডিয়া নিয়ে চিন্তায় ডুলি

ফন্ট সাইজ:

আসিয়ান কাপের দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনায়। বাস্তবতা অনুধাবনের পাশাপাশি বাংলাদেশ দলের সামর্থ্য অনুযায়ী প্রত্যাশার আহবান বাংলাদেশ দলে কোচ টমাস ডুলির। ডুলি বলেন, ‘কোনো কোচ আপনাকে জাদুকরী পানীয় দিয়ে রাতারাতি ভালো করে দিতে পারবে না। আমরা ১৮০ থেকে ১৫০ র?্যাঙ্কিংয়ে পৌঁছাতে চাইলে দুই-তিন বছর সময় লাগবে। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হঠাৎ করেই সবাইকে হারিয়ে দেয়ার ভাবনা অবাস্তব। মাঠে আমাদের ছেলেরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে, যদি দুই-তিন গোলে হেরেও যাই কিন্তু ভালো ফুটবল খেলি। সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।’ ডুলির মতে সামাজিকমাধ্যমে ফুটবলারদের নিয়ে এমন মন্তব্য করা হয়, সেটা ফুটবলারদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘আব্বাসের সঙ্গে মানুষ যা করেছে, সেটা দেখুন। একজন অসাধারণ, দুর্দান্ত খেলোয়াড় আমাদের দলে এসেছে। তারও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। সে ঠিকমতো দৌড়াতে পারেনি, সবাই যে পারফরম্যান্স আশা করেছিল, সেটা দিতে পারেনি। সামাজিক মাধ্যমে তাকে অনেকে আক্রমণ করতে শুরু করলেন। এভাবে আপনারা ধ্বংস করছেন তাদের।’ সমর্থকদের আচরণে আক্ষেপ প্রকাশ করে ডুলি বলেন, ‘কিছু লোক সোশ্যাল মিডিয়ায় আমাদের খেলোয়াড়দের ওপর চড়াও হয় এবং তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। আমাদের এই খেলোয়াড়দের প্রতি আরও সহনশীল ও সমর্থনশীল হতে হবে।’ অনুশীলনে চোট পেয়ে বিশ্বনাথ ছিটকে গেছেন। রক্ষণভাগের ভরসা তপু বর্মণও চোটের কারণে স্কোয়াডে নেই।

অনুশীলনে কাফের মাংসপেশিতে ব্যাথা পান তিনি। স্ক্যানের রিপোর্টে মাংসপেশিতে ডার্ক স্পট ধরা পড়ায় তাকে বাদ দিয়েছেন ডুলি। সাফের আগে তপু বর্মণকে সুস্থ করতে ঝুঁকি নিতে চাইছেন না বাংলাদেশ কোচ, ‘সাফ তো এই টুর্নামেন্টের চেয়ে স্পষ্টতই বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে আমাদের সঙ্গে যাচ্ছে না কারণ সে খেলতে পারবে না।’ ফরোয়ার্ড শেখ মোরসালিনও কাফে ব্যাথা অনুভব করছেন। এমআরআইয়ে বড় সমস্যা ধরা পড়েনি। ২-৩ দিন পরে পুরোদমে অনুশীলন করতে পারবেন মোরসালিন। সান মারিনোর বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের স্থানীয় খেলোয়াড়দের বড় একটি অংশ প্রায় দুই মাস দলীয় অনুশীলনের বাইরে ছিলেন। আসিয়ান কাপের আগে তিন সপ্তাহ অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাত্র দুইদিন আগে ঘরোয়া লীগ শুরু হওয়ায় সেখানে খেলতে পারেননি জাতীয় দলের ফুটবলাররা। প্রি-সিজন ও পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ইন্দোনেশিয়া যাচ্ছে বাংলাদেশ দল। বিপরীতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর গত এক মাসে চার-পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পাশাপাশি ছয় থেকে আট সপ্তাহ একসঙ্গে অনুশীলন করেছে। প্রস্তুতির ঘাটতি নিয়ে ডুলি বলেন, ‘পেশাদার ফুটবলে সাধারণত প্রাক-মৌসুম প্রস্তুতিতেই ছয় সপ্তাহ সময় লাগে এবং প্রতিদিন একাধিক সেশন থাকে।

অথচ আমরা মাত্র চার সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের ম্যাচের জন্য প্রস্তুত করার চেষ্টা করছি।’ ক্লাব ব্যস্ততায় দেশের মাটিতে অনুষ্ঠিত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি হামজা চৌধুরী, শমিত সোম এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ফারহান আলী ওয়াহিদ। তবে তারা সরাসরি দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যোগ দেবেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশ দল গ্রুপ ‘এ’-তে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৪শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫শে সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮শে সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১লা অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।