নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। গতকাল বাংলাদেশ ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘরোয়া ফুটবলের সবশেষ মৌসুমে ট্রেবল জেতা কিংসের এ মৌসুমে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। দলবদলে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল ক্লাবটির। নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলের শেষ দিনে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম শেষ করে তারা। কিংস ছেড়ে নতুন ঠিকানায় নাম লেখান গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন।
চোটের কারণে মাঠে নামতে পারেননি তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষ। জাতীয় দলের ব্যস্ততায় গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেনের না নামাটাও নিশ্চিত ছিল। এ বাস্বতায় একেবারে নতুন চেহারার দল নিয়ে খেলতে নেমে পয়েন্ট হারিয়ে নতুন মৌসুম শুরু করলো কিংস। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিংসকে এগিয়ে নেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড প্রথমবারের মতো কিংসের জার্সিতে খেলছেন। কিংসের জার্সিতে তার সঙ্গে অভিষেক হয় স্বদেশি ডিফেন্ডার রোহিত চাঁদ ও ফরোয়ার্ড মানিশ দাঙ্গির।
এদিন কিংসের অধিনায়কের দায়িত্বও সামলান রোহিত। গোল হজমের দুই মিনিট পর হলুদ কার্ড দেখেন আরামবাগের মোহাম্মদ রকি। প্রথমার্ধে গোল শোধের চেষ্টা চালিয়ে সফল হয়নি আরামবাগ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। বিরতির পর কিংসকে চাপে ফেলে আরামবাগ। একাধিক গোলের সুযোগ করে ক্লাবটি। তবে কিংসের গোলপোস্টে বাধা হয়ে দাঁড়ান পাপ্পু হোসেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে বাঁ দিক থেকে কিংসের গোলমুখে বল বাড়িয়ে দেন আরামাবাগের মুসা। সেখান থেকে দুর্দান্ত হেড করে ক্লাবটিকে সমতায় ফেরান শামীম ইয়াসির। কিংস গোলকিপার পাপ্পু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকাতে পারেননি।
আর শেষ সময়ে গোল হজম করে জয় হাতছাড়া হয় কিংসের। প্রথম রাউন্ডে এখনো ম্যাচ খেলেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালোদের ছাড়া বাকি সবাই এক ম্যাচ খেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে ফর্টিস এফসি।
