সিরাজগঞ্জ সদরে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর সবুর সেখ ও নূরুন্নবীকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে বলে জামায়াতের অভিযোগ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সবুর সেখের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানায়, শনিবার ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকায় একটি পথসভার আয়োজন করে জামায়াত। এ সভাকে কেন্দ্র করে যমুনা সেতুর পশ্চিম সড়কের দু’পাশে সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান করছিলেন। কিন্তু টাঙ্গাইল পথসভা শেষে দুপুর সোয়া ১ টার দিকে লংমার্চটি যমুনা সেতু পেরিয়ে সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিএনপি ও ছাত্রদলের কিছু লোক ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জামায়াত নেতা সবুর সেখ ও তার দলের নেতাকর্মীরা ছাত্রদলের এক নেতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ওই ছাত্রদল নেতা ফোন করলে বেশ কিছু লোক এসে তাদের ছুরিকাঘাত করে আহত করেন। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিএনপির এমন হামলা দুঃখজনক। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিষয়টি জানার পর হাসপাতালে থাকা আহত ব্যক্তির কাছে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
