ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস) মো. জাহিদুল ইসলামকে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) পদে পদায়ন করা হয়েছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম) হিসেবে পদায়ন করা হয়েছে।
সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। এবং গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসেনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোনাল টিম) হিসেবে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
