মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক মো. সোহেল (৩০)। নিহত ব্যক্তিদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম -পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ বলেশ্বর নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারের যাত্রীরা গজারিয়ার জামালদি এলাকার মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাওয়ার জন্য মহাসড়কে উঠছিল। এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের একটি কাটা অংশ দিয়ে পার হয়ে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করে। তখন চট্টগ্রামমুখী বাসটির সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারটিকে রক্ষা করতে গিয়ে বাসটিও সড়কে উল্টে পড়ে। এ সময় প্রাইভেটকারের চালকসহ চারজন ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গজারিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রাইভেটকারটি উল্টো পথে ছিল। সেখান থেকে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’