বুন্ডেসলিগায় নতুন ইতিহাস হ্যারি কেইনের

বুন্ডেসলিগায় নতুন ইতিহাস হ্যারি কেইনের

ফন্ট সাইজ:

জার্মান বুন্ডেসলিগার রেকর্ড বইয়ে নতুন ইতিহাস লিখে নিজের নাম চিরস্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। শুক্রবার রাতে ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনকে পাত্তাই দিলো না বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করার ম্যাচে জার্মান শীর্ষ লীগে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন দলের ইংলিশ স্ট্রাইকার।

এর মধ্য দিয়ে ভেঙে গেল দীর্ঘদিনের পুরনো রেকর্ড। এর আগে প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি ছিল দিটার মুলারের দখলে, যিনি এই মাইলফলক স্পর্শ করতে খেলেন ১২৯ ম্যাচ। সেখানে কেইনের লাগলো স্রেফ ৯৮ ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ১৮ মিনিটে আলফনসো ডেভিসের বাড়ানো বল থেকে নিখুঁত শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। এরপর প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে বক্সের ভেতরে মাইকেল ওলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে নিজের শততম বুন্ডেসলিগা গোল পূর্ণ করেন কেইন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে মুসিয়ালার পাস থেকে এক অসাধারণ শটে ব্যবধান ৩-০ করেন ফরাসি উইঙ্গার ওলিসে।

দ্বিতীয়ার্ধেও বাভারিয়ানদের আক্রমণ থামেনি। ম্যাচের ৫৪ মিনিটে হেডার থেকে ফ্রেডেরিক রোনোর গোলপোস্ট ভেদ করে নিজের দ্বিতীয় গোল তুলে নেন কেইন। ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বায়ার্নের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন ইসমাইল সাইবারি।

তবে এদিনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ওলিসে। টম বিশফের নিখুঁত লং বল থেকে ফাঁকা জালে বল জড়ানোর পর, ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে এক চোখ জুড়ানো শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পুরো ম্যাচে ২৫টি শট নেয় বায়ার্ন, যার এক্সপেক্টেড গোল (এক্সজি) ছিল ৩.৭৭। বিপরীতে ইউনিয়ন বার্লিন মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়।