আমাদের লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়ার দাবিতে

গাজীপুরে পথসভায় জামায়াত আমীর

আমাদের লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়ার দাবিতে

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়ার দাবিতে। ‌নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে। মানুষের দুঃখ দূর; রাস্তাঘাট, হাট-বজার সর্বত্র চাঁদাবাজি বন্ধ; দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লংমার্চ।’

শনিবার গাজীপুরের ভোগরা বাইপাস মোড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির যা অবনতি হয়েছে—তা থেকে উত্তরণের দাবিতে আমাদের লংমার্চ। আমরা আপনাদের দাবিতে রাস্তায় নেমেছি। কোনো দলীয় দাবি নিয়ে নামিনি। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’

জামায়াত আমীর বলেন, ‘আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। সরকার আপনাদেরকে অপমানিত করেছে। সেই অপমানের প্রতিশোধ নেয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে। এই বিএনপি করতে বাধ্য হবে। পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’
তিনি বলেন, ‘আজকে ৮ দফা দাবিতে নেমেছি। জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো।’

উল্লেখ্য, এর আগে এদিন ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা।