রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

রাজধানীর ৪টি স্থানে পৃথক ঘটনায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মালিবাগ, যাত্রাবাড়ী, বনানী ফ্লাইওভার ও আগারগাঁও এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টায় মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহন কাউন্টারের পাশে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দু’টি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়। আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একইদিন বনানী ফ্লাইওভারের মুখে আরও দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনের পাশেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণার দিন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।