ফিফা আসিয়ান কাপের ‘ফাইনাল’ একাদশে নতুন তিন প্রবাসী ফুটবলার

ফিফা আসিয়ান কাপের ‘ফাইনাল’ একাদশে নতুন তিন প্রবাসী ফুটবলার

ফন্ট সাইজ:

ক্যাম্পে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে টমাস ডুলির মন জয় করে নেন প্রাথমিক স্কোয়াডের তিন প্রবাসী ফুটবলার। ফিফা আসিয়ান কাপের জন্য ঘোষিত জাতীয় দলের ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন তারা। জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নেয়া নতুন তিন মুখ হলেন- ইংল্যান্ডের ক্লাব বোরহাম উডে খেলা ফারহান আলী ওয়াহিদ, জাপানিজ শুকি ইতফুসা এবং যুক্তরাজ্য প্রবাসী সেন্টার-ব্যাক জিদান আলেকজান্ডার ইউসুফ। জায়গা হয়নি গোলকিপিং পজিশনের জন্য আলোচনায় থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফ কেরাওয়ালা। বাদ পড়েছেন একসময় জাতীয় দলের অতন্দ্রপ্রহরী হয়ে থাকা আনিসুর রহমান জিকোও। ডুলির আস্থা অর্জন করে ইন্দোনেশিয়ার টিকিট পেয়েছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। তিনজনের মধ্যে ফারহান আলী ওয়াহিদ আক্রমণভাগে খেলেন।

তাকে জাতীয় দলে পাওয়া নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। বিশেষ করে একজন স্বীকৃত সেন্টার ফরোয়ার্ডের প্রয়োজনীয়তা অনুভব করেন ডুলি। সেই বিবেচনায় ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় যোগ দেবেন ফারহান। জিদান ইউসুফ খেলেন রক্ষণভাগে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিভার ঝলক দেখিয়ে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নেন। এবার ১৮ বছর বয়সী এ ফুটবলার জায়গা করে নিলেন মূল দলে। আর জাপান প্রবাসী শুকি ইতফুসারের পরিচিতি বাংলাদেশ ফুটবল লীগের মাধ্যমে। ফর্টিস এফসি’র হয়ে খেলা আক্রমণভাগের এ ফুটবলার ডুলির আস্থা অর্জন করে মূল একাদশে জায়গা পেলেন। ফিফা আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে না থাকলেও মূল দলে আছেন হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামেদুল ইসলামরা। কিছুদিন আগে ক্যাম্পে যোগ দেয়া জায়ান আহমেদকেও ফাইনাল স্কোয়াডে রেখেছেন হেড কোচ টমাস ডুলি। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া সেন্টারব্যাক মঞ্জুরুর রহমান দীর্ঘ সময় পর আবারো জাতীয় দলে ফিরেছেন।

আগামী ২৪শে সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায়। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫শে সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ২৮শে সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১লা অক্টোবর খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। টুর্নামেন্ট খেলতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে আজ বাংলাদেশ দলের রওনা দেয়ার কথা রয়েছে। তবে কয়েকজন ফুটবলার ভিসা পাননি। ফলে দুই-একদিন পর ইন্দোনেশিয়ার বিমান ধরতে পারে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশ দল: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. মিনহাজুল করিম স্বাধীন, ফাহামেদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, সমিত শোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা।