নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেলো গত আসরের রানার্সআপ আবাহনী লিমিটেড। গতকাল মানিকগঞ্জে তাদের রুখে দেয় পিডব্লিউডি। গোলশূন্য ড্র’য়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আকাশি-নীলরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে শুভসূচনা করে ফর্টিস এফসি। গাজীপুরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসি। নতুন ভেন্যু চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ২-১ ব্যবধানে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। লীগ শুরুর দিনে সবচেয়ে বড় চমক দেখায় ঢাকা সিটি ক্লাব। গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারায় তারা।
ফিফার নিষেধাজ্ঞার কারণে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে আবাহনীর অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা ছিল। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ সময়ে দলবদলে অংশ নেয় ছয়বারের লীগ চ্যাম্পিয়নরা। তবে ক্লাবটির বিদেশি কোনো ফুটবলার এখনো বাংলাদেশে না পৌঁছানোর কারণে দেশি ফুটবলারদের নিয়েই নতুন মৌসুম শুরু করে আবাহনী। আর দুই বিদেশি নিয়ে খেলতে নামে পিডব্লিউডি। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ শানায় আবাহনী। যদিও পিডব্লিউডি’র রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তারা। পিডব্লিউডিও লিড নেয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ফিনিশিং দুর্বলতায় এগিয়ে যেতে পারেনি ক্লাবটি। তাদের হয়ে শুরুর একাদশে ক্যামেরুনের একজন ও একজন জার্মানির ফুটবলার মাঠে নামেন। এই দুই বিদেশিকে নিয়ে গোল না পেলেও আবাহনীকে আটকে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে তারা। এদিন আবাহনীর অধিনায়কের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিন খান।
একই দিনে কিংস অ্যারেনায় গোল উৎসব
করে ফর্টিস। চট্টগ্রাম সিটি ক্লাব প্রথমার্ধে ফর্টিসকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি। বিরতির পর ৪৭ মিনিটে পা ওমর বাবু গোলের খাতা খুলেন। পাঁচ মিনিট পর ওমর বাবুর অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন নুরিকি আকাদা। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আকাদা। দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মোহাম্মদ ইব্রাহিম। ৮২ মিনিটে পঞ্চম গোলটি করেন মোহামেডান থেকে ফর্টিসে আসা রাফায়েল টুডো। দলের শেষ গোলটি করেন পা ওমর বাবু। গোপালগঞ্জে চমক দেখায় নবাগত সিটি ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দাপট দেখিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়। ম্যাচের ২৮ মিনিটে ইমানুয়েল ইসলামের গোলে লিড নেয় সিটি ক্লাব। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ওকাফর। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন ইমানুয়েল। গাজীপুরে ম্যাচের যোগ করা সময়ে ইসা ফয়সালের একমাত্র গোলে রহমতগঞ্জকে হারায় বাংলাদেশ পুলিশ।
