ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) প্রাথমিক পর্বে দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারে গিয়ে পুরোপুরি ভেঙে পড়লো মেহেদী হাসান মিরাজদের দল। দুই পাকিস্তানি স্পিনার শাদাব খান ও সুফিয়ান মুকিমের তোপে ৯ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় দলটি। জবাবে রাহকিম কর্নওয়ালের তাণ্ডবে মাত্র ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স এবং সরাসরি ফাইনালে উঠে যায়। শোচনীয় এই হারে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ হারালেও বিদায় নিচ্ছে না গায়ানা। ফাইনালে ওঠার জন্য তারা আরও একটি সুযোগ পাবে। আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জিতে আসা জ্যামাইকা কিংসের মুখোমুখি হচ্ছে মিরাজরা। ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না গায়ানার।
গ্লেন ফিলিপস ও মাভেন্ড্রা ডিন্ডিয়ালের উদ্বোধনী জুটি থেকে আসে ২৬ রান। ৭ ওভার শেষে ১ উইকেটে ৪০ রান তুলে শক্ত ভিতের ইঙ্গিত দেয় তারা। তবে এরপরই শাদাব ও মুকিমের ঘূর্ণি তাণ্ডবে চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গায়ানার ব্যাটিং লাইনআপ। অষ্টম ওভারে বোলিংয়ে এসে মুকিম জোড়া উইকেটের দেখা পান। পরের ওভারেই বল হাতে রূপকথার এক হ্যাটট্রিক উপহার দেন শাদাব খান। শিমরন হেটমায়ার ও কুয়েন্টিন স্যামসনের মাঝে গোল্ডেন ডাকের শিকার বানিয়ে সাজঘরে ফেরান টাইগার অলরাউন্ডার মিরাজকে। লঙ্কা প্রিমিয়ার লীগের (এলপিএল) পর সিপিএলেও নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন শাদাব। তাদের দুই পাকিস্তানি লেগ স্পিনারের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ২০ বলের ব্যবধানে এবং ৯ রানের মধ্যে ৮টি উইকেট হারায় গায়ানা! ফিলিপস ও শাই হোপের ব্যাট থেকে সর্বোচ্চ ১৬ রান করে আসে। শেষ দিকে দশ নম্বরে নেমে রোমারিও শেফার্ডের ১৪ রানের ওপর ভর করে ১৫ ওভারে ৭৬ রানে থামে দলটির ইনিংস। অ্যান্টিগার হয়ে হ্যাটট্রিকসহ ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শাদাব এবং মুকিম ১৩ রানে নেন ৪ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তা পুরোপুরি উড়িয়ে দেন অ্যান্টিগার ওপেনার কর্নওয়াল। মিরাজ ১.২ ওভার বল করে ১০ রান দিলেও বাকি বোলারদের ওপর দিয়ে রীতিমতো তাণ্ডব চালান কর্নওয়াল। ১৬ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৪৯ রানের টর্নেডো ইনিংস খেলে তিনি আউট হন। অপর প্রান্তে ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন এভিন লুইস। স্রেফ ৩২ বল খেলে ৯ উইকেটের একতরফা জয় নিশ্চিত করে অ্যান্টিগা।
