ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পিওনেস কাপের ট্রফি জয়ের উল্লাসের মাঝেই এক অদ্ভুত ও বিতর্কিত ঘটনার জন্ম দিলেন লিওনেল মেসি। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরার পর মেজর লীগ সকার (এমএলএস) কমিশনার ডন গারবারের সঙ্গে মাঠে তীব্র তর্কে জড়াতে দেখা গেছে এই আর্জেন্টাইন মহাতারকাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মাঠের ভেতর পুরস্কার বিতরণী মঞ্চের পাশে দাঁড়িয়ে এমএলএস প্রধানের দিকে আঙ্গুল উঁচিয়ে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন মেসি। ঠিক কি কারণে তাদের মধ্যে এই উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
এ ঘটনা নিয়ে এমএলএস কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে ইন্টার মায়ামিও মুখ খোলেনি। ম্যাচটিতে ইন্টার মায়ামির হয়ে শততম গোলের দুর্দান্ত এক রেকর্ড গড়ে দলকে ২-০ ব্যবধানের জয় এনে দেন মেসি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেয়ার পর এটি তার ৪ নম্বর ট্রফি। এর আগে ২০২৩ সালে লীগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জেতেন তিনি। ট্রফি জয়ের মতো আনন্দের রাতে লীগ প্রধানের সঙ্গে মেসির এমন রূঢ় আচরণ ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বিতর্ক সরিয়ে আপাতত পরবর্তী ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছে ইন্টার মায়ামি।
