রোনালদোকে নিয়েই ন্যাশনস লীগ মিশনে নামছে পর্তুগাল

রোনালদোকে নিয়েই ন্যাশনস লীগ মিশনে নামছে পর্তুগাল

ফন্ট সাইজ:

এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের ২০২৬ বিশ্বকাপ মিশন শেষের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। গত মাসে এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিতও দেন। তবে সকল গুঞ্জন উড়িয়ে উয়েফা ন্যাশনস লীগের আসন্ন ম্যাচগুলোর জন্য পর্তুগাল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

পর্তুগালের নতুন প্রধান কোচ জর্জ জেসুস ইতিপূর্বে আল-নাসরে রোনালদোর সঙ্গে কাজ করেছেন। পর্তুগিজদের দায়িত্ব নিয়েই দেশের সর্বকালের সেরা গোলদাতাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন তিনি। দেশের জার্সিতে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদো ছাড়াও দলে ফিরেছেন অভিজ্ঞ ও তরুণ তারকারারা। অভিজ্ঞদের মধ্যে যথারীতি জায়গা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াজ এবং জোয়াও নেভেসের মতো তারকারা। ইতালিয়ান ক্লাব লাৎসিওর ফুল-ব্যাক নুনো তাভারেস বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেলেও এবার জাতীয় দলে ফিরেছেন। বুরুশিয়া ডর্টমুন্ডের ফাবিও সিলভাও জায়গা করে নিয়েছেন মূল স্কোয়াডে।

চলতি মাসের ২৪শে সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ন্যাশনস লীগের শিরোপা রক্ষা মিশন শুরু করবে পর্তুগাল। ‘এ’ লীগের ৪ নম্বর গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নরওয়ে ও ডেনমার্ক।

উয়েফা ন্যাশনস লীগের পর্তুগালের পূর্ণাঙ্গ স্কোয়াড:
গোলকিপার: দিওগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।

ডিফেন্ডার: গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, দিওগো দালোত, নুনো তাভারেস, নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াজ, তোমাস আরাউজো।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও পলিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনহা, বার্নার্দো সিলভা।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, ফাবিও সিলভা, ফ্রান্সিস্কো ত্রিনকাও, ফ্রান্সিস্কো কনসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও।