দক্ষিণ আফ্রিকায় নবম নারীর মরদেহ উদ্ধার

সিরিয়াল কিলারের আতঙ্ক

দক্ষিণ আফ্রিকায় নবম নারীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলে আরও এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই মাসে একই অঞ্চল থেকে মোট নয়জন নারীর মরদেহ উদ্ধার করা হলো। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সিরিয়াল কিলার বা নির্দিষ্ট কোনো চক্র জড়িত থাকতে পারে বলে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

প্রাদেশিক পুলিশ কমিশনার ফ্রেড কেকানা জানিয়েছেন, একুরহুলেনি পৌরসভার ডন পার্ক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ পাওয়া যায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল। এর আগে উদ্ধার হওয়া আটটি মরদেহের ধরনের সঙ্গে মিল থাকায় পুলিশ ইতিমধ্যে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। এ ধারাবাহিক হত্যাকাণ্ড দেশজুড়ে চরম ভীতি ও ক্ষোভের জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার জন্য জনগণকে সতর্ক করেছে পুলিশ। এছাড়া কোনো স্বজন নিখোঁজ হলে কালবিলম্ব না করে দ্রুত থানায় রিপোর্ট করতে পরিবারের প্রতি আহ্বান জানিয়েছে নিখোঁজদের নিয়ে কাজ করা সংস্থাগুলো। একের পর এক নারী হত্যার ঘটনায় ক্ষুব্ধ বিভিন্ন নারী অধিকার সংগঠন ও নাগরিক সমাজ অবিলম্বে নারী ও শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার দাবিতে বিক্ষোভ ও প্রার্থনা সভার আয়োজন করেছে।