টানা সাত মাস ধরে যুদ্ধ চলছে। এর মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে এই অধিবেশন বসছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ভ্রমণের অনুমতি দিয়েছে। এতে থাকছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাদের সঙ্গে প্রয়োজনীয় কর্মকর্তারাও থাকবেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রতিনিধি দলের বহর হবে অত্যন্ত সংক্ষিপ্ত এবং তাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধের পাশাপাশি বিলাসবহুল পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা বহাল থাকবে। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বিশ্ববাজারে তেলের তীব্র ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দুই দেশের চরম সামরিক অচলাবস্থার মাঝেই বসছে সাধারণ পরিষদের ৮১তম এই অধিবেশন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষের দাবি জানালেও ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে ইরানের শীর্ষ নেতৃত্বকে ভিসা দেয়া হলেও টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা উল্লেখ করেছে, এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ শান্তি আলোচনায় কোনো ভূমিকা রাখবে না, বরং দ্বি-রাষ্ট্র সমাধান নষ্ট করতে দখলদার শক্তিকে উৎসাহিত করবে।
