সৌদি আরবের তাইফ গভর্নরেটে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ইয়েমেনি নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, তাইফে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে। এই খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি হুতি মিলিশিয়া বাহিনী উৎক্ষেপণ করেছিল।
এই ঘটনায় এক সৌদি নারী ও এক পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্স আরও জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
