ভারত থেকে ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা- এমন দাবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। অবশেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এসব নিয়ে ফ্যাক্টচেক করেছে।
দেশটির মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক দল জানায়, শি ও রামাফোসার অসুস্থতা নিয়ে ছড়ানো পোস্টগুলো ‘বিভ্রান্তিকর’। এ ধরনের ‘বিদ্বেষপূর্ণ পোস্ট’ ছড়িয়ে না দিতে সতর্ক করেছে এমইএ।
নয়াদিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পর শি জিনপিংকে নিয়ে গুজব ছড়ায় যে, সম্মেলনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অ্যাকাউন্টে দাবি করা হয়, ভারত ছাড়ার সময় শির হাঁটতে সমস্যা হচ্ছিল এবং চীনে ফেরার পর তাকে বেইজিংয়ের ৩০১ হাসপাতালে নেয়া হয়।
তবে এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ব্রিকস সম্মেলনে শি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন।
শি’কে ঘিরে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি পরে ভুয়া বা এআই-নির্মিত বলে চিহ্নিত করা হয়েছে।
ব্রিকস সম্মেলনের প্রথম দিনে মোদি বক্তব্যের মাঝখানে শি’র দিকে তাকিয়ে ‘ইজ ইট ওকে?’ বলার ঘটনাকেও শির অসুস্থতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।
তবে অন্যরা জানান, মোদির প্রশ্নটি শি’র কানে থাকা অনুবাদ যন্ত্র নিয়ে ছিল, তার স্বাস্থ্য নিয়ে নয়।
এদিকে রামাফোসার ক্ষেত্রেও অসুস্থতার গুজব ছড়িয়েছে। এনিয়ে তার দপ্তর জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে তিনি কিছু জনসম্পৃক্ত কর্মসূচি থেকে বিরত থাকবেন এবং বিশ্রাম নেবেন। তবে তার অসুস্থতার বিস্তারিত জানানো হয়নি।
