ফ্যামিলি কার্ড দেয়ার নাম করে টাকা নেয়া সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি

ফন্ট সাইজ:

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেয়ার নাম করে টাকা নেয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ
দেয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে নেত্রকোণা জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শাতে বলা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

একই সঙ্গে নোটিশে তার বিরুদ্ধে কেন সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থনে, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সকল তথ্য নিয়ে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে দাখিলের নির্দেশ দেয়া হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে সাদিয়া আক্তারকে আটক করেছিল পুলিশ। পরে তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় প্রতারণার মামলায় জেলে পাঠান আদালত। তিনি বর্তমানে জামিনে মুক্ত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার নেত্রকোণা জেলা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোঠিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাদিয়া আক্তারকে স্থানীয় বিএনপির একটি মহল চক্রান্তে ফাঁসিয়েছে। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দল এবং তিনি উপযুক্ত প্রমাণসহ নোটিশের জবাব দেবেন।’